দুই দিনে ২ গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। দুটি গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন প্রবাসী কণ্ঠশিল্পী আরজিন কামাল ও রাকিব মুসাব্বির। গান দুটি হলো ‘লাগাইয়া পিরিতি’ ও ‘সয়না সয়না’। গত বৃহস্পতিবার ও শুক্রবার গান দুটি প্রকাশ হয়েছে আরজিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে।
এরমধ্যে ‘লাগাইয়া পিরিতি’ গানটির কথা ও সুর করেছেন বাউল খোয়াজ মিয়া। এটির সংগীতপরিচালনায় আরজিন। ‘সয়না সয়না’ গানটির কথা, সুর ও সংগীতপরিচালনা করেছেন রাকিব মুসাব্বির।
গান দুটি প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘আমি গত দুই বছর নিয়মিত নতুন গান করছি। এর মধ্যে কয়েকটি গান আমার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। নিজেরে চ্যানেলের বাইরে অন্যদের জন্যও গান করা হচ্ছে। অনেক দিন পর এভাবে দুটি গান প্রকাশে একটু বেশি ভালো লাগছে। শ্রোতাদের কাছ থেকেও গান দুটির জন্য সাড়া পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এ দুটি গানের বাইরে আরও কয়েকটি গানের কাজ শেষ করেছি। নতুন বছরের শুরুতেও গান প্রকাশ করার ইচ্ছে আছে।’
এই সংগীতশিল্পী বর্তমান সময়ের শিল্পীদের নিয়েও কথা বলেন। তার ভাষ্য, ‘নতুনদের অনেকেই ভালো কাজ করছে। তবে কেউ কেউ এক-দুটো গান দিয়েই পরিচিতি পেতে চান। জনপ্রিয়তা ভাগ্যের ব্যাপার। সবাই তো এক-দুটো গানেই পরিচিতি পাবে বিষয়টি এমন নয়।’
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’