প্রয়াত আইয়ুব বাচ্চুর হাত ধরেই সংগীতাঙ্গনে আসেন কণ্ঠশিল্পী রুপম। এবির সুর ও সংগীতে ‘মন জ্বলে’ গানটি দিয়ে শ্রোতাদের মধ্যে পরিচিতি পান তিনি। এরপর ‘মন ভাসাইয়া দে’ ও ‘সাজ বন্ধু’সহ আরও কয়েকটি জনপ্রিয় গান উপহার দেন এই কণ্ঠশিল্পী।
২০১৭ সালের পর নতুন কোনও গানে দেখা যায়নি তাকে। এক দশক পর এবার সুন্দরবনকে নিয়ে গাইলেন রুপম।
আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস দিবন উপলক্ষে গানটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এটির কথা ও সুর করেছেন শাজাহান খান। সংগীত পরিচালনা করেছেন পলাশ চন্দ্র ঢালী।
রুপম বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস ছিল। এ দিবসটিকে কেন্দ্র করে সুন্দরবনকে নিয়ে গানটি করা হয়েছে। আমি নিজেও সুন্দরবন এলাকার মানুষ। তাই গানটি করার সময় অন্য রকম একটা আনন্দ ছিল। এ গানে সুন্দরবনের বিভিন্ন বিষয় উঠে এসেছে।’
রুপম সর্বশেষ আরিফন শুভ ও মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ সিনেমায় ‘তুই আমার ফেসবুকেও নাই, ‘তুই আমার এ বুকেও নাই’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।
এদিকে আগামী বছর নতুন উদ্যমে আবারও নতুন গান নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান রুপম।