মেয়ে নিজের শরীর বা যৌনতা নিয়ে কোনও প্রশ্ন করলে তাকে লজ্জায় ফেলতে চান না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। বরং ছোট থেকেই এ বিষয়ে খোলামেলা ভাবে কথা বলার পরিবেশ তৈরি করতে চান তিনি। তার মতে, যৌনতা নিয়ে আলোচনা না করার প্রভাব নারী ও পুরুষ—দুজনের উপরেই পড়ে।
রাখঢাক করে কথা বলতে পছন্দ করেন না রাধিকা। চলতি মাসেই ৪১ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিতে চল্লিশের কোঠার এক মহিলার চোখ দিয়ে যৌনতা ও নারীর কামনাকে তুলে ধরা হয়েছে।
সমাজ বয়স বৃদ্ধিকে নেতিবাচক ভাবে দেখে। কিন্তু ৪১ বছর বয়সে এসে কুড়ি বা তিরিশের তুলনায় নিজের শরীর ও নিজেকে অনেক ভাল ভাবে চিনতে পারছেন তিনি। তার কথায়, চল্লিশের কোঠায় এসে মানুষ নিজের ইচ্ছা, চাহিদা, যৌনতা এবং নিজের পরিচয়কে নতুন করে বোঝার চেষ্টা করেন।
মাতৃত্বের পর শরীরে অনেক পরিবর্তন আসে বলেও জানান রাধিকা। তার মতে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে নিজের শরীর ও তার চাহিদাকে নতুন করে চিনতে শেখা যায়। এই বয়সকে তাই তার কাছে খুব সুন্দর একটি সময় বলে মনে হয়।
ভারতীয় সমাজে যৌনতা এখনও অনেকটাই নিষিদ্ধ বিষয় বলেও মনে করেন অভিনেত্রী। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সঙ্কোচ আরও বেশি। ছোটবেলায় তারও মনে হত, যৌনতা খারাপ বা নোংরা কোনও বিষয়।
নারী ও পুরুষের যৌন ইচ্ছাকে সমাজ কেন আলাদা চোখে দেখে, সেই প্রশ্নও তুলেছেন রাধিকা। নিজের মেয়েকে এ ধরনের লজ্জা বা ভয় নিয়ে বড় করতে চান না তিনি।
তিনি বলেন, ‘আমি ঠিক করেছি, আমার মেয়ে যদি নিজের শরীর বা ইচ্ছা সম্পর্কে কিছু জানতে শুরু করে, আমি কখনও তাকে লজ্জায় ফেলব না।’
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য