মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’

বৃষ্টির প্রতিটি ফোঁটা, কালো মেঘে ঢাকা আকাশ কিংবা জানালার বাইরে তাকিয়ে থাকা—এসবের মধ্য দিয়ে ফুটে উঠতে পারে অপেক্ষা, দূরত্ব ও বিচ্ছেদের অনুভূতি। ‘মেঘ আড়ালে’শিরোনামের গানে প্রিয়জনকে কাছে না পাওয়ার সেই বেদনা আর স্মৃতির আবেশকে সুরে ধারণ করেছেন সুতপা মণ্ডল ও মঙ্কস পার্ল।

 সম্প্রতি প্রকাশিত এই গানটির কথা লিখেছেন দিবাশ কৃষ্ণ বিশ্বাস। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। এটি প্রকাশ করেছে গানচিল মিউজিক।

গানটির দৃশ্যায়নেও রয়েছে বিশেষ আয়োজন। পুরোনো দিনের শিল্পীর ঘর, ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব এবং বাদ্যযন্ত্রে সাজানো পরিবেশের পাশাপাশি আলো ও রঙের ব্যবহার দৃশ্যগুলোকে দিয়েছে সিনেমাটিক আবহ। গাঢ় নীল ও সবুজাভ রঙের সঙ্গে সোনালি আলোর বৈপরীত্য গানটির দৃশ্যকল্পে তৈরি করেছে স্বতন্ত্র নান্দনিকতা।

গানটি নিয়ে সুতপা মণ্ডল বলেন,  ‘গানটির জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলাম। রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পারি, এমনকি এর লিরিক্সও আগে দেখিনি। গানটির ফিমেল ভার্সনে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে আমার দুই বোন সুহানি ও শ্রেষ্ঠাও যুক্ত রয়েছে।’

মঙ্কস পার্ল বলেন, ‘‘মেঘ আড়ালে’ আমার কাছে সৃষ্টির এক নতুন যাত্রা। গানচিল ও ফ্যাটম্যান অরিজিনালস প্রোডাকশনকে ধন্যবাদ এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং শ্রোতারা এই সৃজনশীল যাত্রার অংশ হবেন।’