কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’

কুড়িগ্রামের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’ এর আয়োজনে মঞ্চস্থ হলো নাটক ‘ আজ কমন্ডলের ফাঁসি’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের কলেজ মোড়ে অবস্থিত পৌর টাউন হল অডিটরিয়ামে পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতিতে নাটকটি মঞ্চায়ন করে ‘প্রচ্ছদ’।

প্রচ্ছদের ৫৩তম এই আয়োজনে বেদনা আর হাসি-কান্নায় ভরা কাহিনীনির্ভর সংলাপে দর্শক মাতান অভিনয় শিল্পীরা।

চব্বিশ-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পরিবারের টানাপোড়েন ও ঘটনা-দুর্ঘটনা নিয়ে রচিত ‘ আজ কমন্ডলের ফাঁসি’। অভাবের তাড়নায় নেশা ও হতাশাগ্রস্ত হয়ে রাগের মাথায় স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় ‘কমন্ডলকে’।

নাটকটির রচয়িতা বিমল বন্দ্যোপাধ্যায়, নির্দেশনায় ছিলেন পার্থ প্রতীম চক্রবর্তী বাবন। অভিনয়ে ছিলেন পার্থ প্রতীম চক্রবর্তী বাবন, আশীষ বকসী, বিপ্লব তরফদার সহ প্রচ্ছদের শিল্পীরা।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিভিন্ন রাজনীতিক ও সুধীজন নাটকটি উপভোগ করেন।