সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া

সিনেমার প্রচারণার মঞ্চে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কপালে চুমু খেয়েছেন ওপার বাংলার অভিনেতা দেব। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ত্রিপুরার আগরতলায় ‘দেশু ৭’ সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

এদিন দেব ও শুভশ্রী হাজির হয়েছিলেন আগরতলায়। বিমানবন্দরে দুই তারকাকে স্বাগত জানাতে ছিল উপচে পড়া ভিড়। পরে আগরতলার চিলড্রেনস পার্কে ‘দেশু ৭’ সিনেমার বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে। তবে এদিনের অন্যতম আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর রসায়ন। ‘দেশু ৭’-এর জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এও পারফর্ম করেন তারা। পারফরম্যান্সের মাঝে মঞ্চেই শুভশ্রীর কপালে চুমু খেতে দেখা যায় দেবকে। সেই মুহূর্তের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘হায় ভগবান! এরা ছবির জন্য আর কী কী করবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ অন্য একজন লিখেছেন, ‘এরা জানে বাঙালি কী খায়। এরা সেটাই দিচ্ছে।’ আরেক মন্তব্যে লেখা হয়েছে, ‘দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন। উফফফ, তোমরা কেন যে বিয়ে করলে না!’

সম্প্রতি কলকাতায় একটি স্যালোঁর উদ্বোধনে এসে দেব দাবি করেছিলেন, তাকে ও শুভশ্রীকে নিয়ে যেসব মন্তব্য হচ্ছে, তাতে আজকাল নাকি প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন। দুজনেই সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও আশপাশের মানুষেরা তা হতে দিচ্ছেন না বলেও জানান তিনি।

এমনকি তাদের নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, তাতে সিনেমার প্রচারণা করতেও ভয় পাচ্ছেন বলে দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেতা।

‘দেশু ৭’-এ দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে-সহ আরও অনেকে।