রাজীবের মায়ের স্বপ্ন পূরণ

মায়ের স্বপ্ন পূরণ করলেন সংগীতশিল্পী রাজীব। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার মধ্য দিয়ে তার মায়ের একটি স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে শিল্পী তার মায়ের এই স্বপ্নের কথা প্রকাশ করেন।

রাজীব পোস্টে লেখেন, ‘মা তোমার স্বপ্ন আজ পুরণ হয়েছে। তুমি বেচে থাকলে বাবার সাথে তুমিও আমাদের গান উপভোগ করতে পারতে।’

তিনি বলেন, ‘ছোটবেলায় যখন ‘ইত্যাদি’ দেখতাম তখন ভাবতাম যদি সরাসরি এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য হতো?  একটা পর্বে এণ্ড্রু কিশোর দাদা গান গাইলেন। অনুষ্ঠান শেষে, আমার মা আমাকে বলল, আমার ছেলেও বড় হলে একদিন ইত্যাদিতে গান গাইবে ইনশাআল্লাহ।’

ইত্যাদির শুটিংয়ের পর রাজীব ও সিঁথি সাহা

হানিফ সংকেতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজীব পোস্টে লেখেন, আজ থেকে ২ বছর আগে আমার গান শুনে তিনি বলেছিলেন জামালপুরে যখন ইত্যাদি হবে তখন তোমার গান নিশ্চয়ই থাকবে। তিনি কথা রেখেছেন।

রাজীব আরও বলেন, ‘আসলে হানিফ সংকেত এক কথার মানুষ। তার গুণের কথা বলে শেষ করা যাবেনা। ৩০-৩৫ বছর থেকে একটা ম্যাগাজিন অনুষ্ঠান চালানো আর তার জনপ্রিয়তা সবার উপরে ধরে রাখা কোনও সহজ কাজ না। তিনি যে কি পরিমাণ পরিশ্রম করেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।’