ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এরপর আর লম্বা সময় বড় পর্দায় দেখা যায়নি তাকে। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার দ্বীতিয় সিনেমা ‘মায়ার জঞ্জাল’। এই সিনেমায় ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তার জুটি দারুণ প্রশংসিত ও আলোচিত হয়।
এবার ঘরে বসেই দেখা যাবে অপির সেই ‘মায়ার জঞ্জাল’ সিনেমা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাটি বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় চরকিতে মুক্তি পেয়েছে।
‘মায়ার জঞ্জাল’ পরিচালনা পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।
এই সিনেমায় অপি করিমের চরিত্রের নাম ‘সোমা’। সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তার চরিত্রের নাম ‘চন্দন’। এ ছাড়া আরও অভিনয় করেছেন ঢাকার সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ প্রমুখ।
‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সাতটি পুরস্কার পেয়েছে।