‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান

চলতি সময়ের জনপ্রিয় জুটি সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ। পারিবারিক গল্পের নাটকে এই দুই তারকা দারুণ প্রশংসিত। সে ধারাবাহিকতায় নতুন আরও একটি নাটকে জুটি হয়েছেন তারা। জামাল হোসেনের প্রযোজনায় ‘আহা জীবন’ শিরোনামের একটি নাটকের শুটিং করছেন তারা।

শনিবার (২৪ অক্টোবর) তৃতীয় দিন নাটকটির শুটিং চলছে বলে জানান নির্মাতা চয়নিকা চৌধুরী। এটির রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। রঙ্গন মিউজিকের রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের জন্য নাটকটি নির্মিত হচ্ছে।

চলতি সময়ের দুই তারকার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত ও ডলি জহুর।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘নাটকটির নামের মধ্যেই অনেক গল্প লুকিয়ে আছে। আমাদের প্রতিদিনের জীবনে কত কিছু ঘটে। কিন্তু সব কিছু সহজেই আমাদের কাছের মানুষেদের বলা হয় না। এটিও পরিবারের তেমন একটি গল্পের নাটক। দর্শক নিজেদের এ নাটকে খুঁজে পাবে বলে আশা করছি।’

সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘দারুণ একটি গল্পের নাটক করছি। একটি পরিবারের গল্পই এ নাটকে দর্শক দেখবে। এ নাটকের বিশেষ কিছু দৃশ্য আছে, যেখানে আমাকে খুব আবেগতাড়িত করেছে।’