দাবানলের কারণে শহরের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এরইমধ্যে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি যাচাইয়ে পরবর্তী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত রবিবার কানাডার আলবার্টা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ে। এরইমধ্যে ফোর্ট ম্যাকমুরে শহরের ১৬শ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ৮৮ হাজার বাসিন্দা শহর ছাড়তে বাধ্য হয় যা আলবার্টার ইতিহাসে শহর ফাঁকা করার সবচেয়ে বড় ঘটনা। আশেপাশের তেল কোম্পানিগুলোও তাদের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। অবশ্য এ দাবানলের কারণে এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ১০ হাজার হেক্টরেরও বেশি এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ১শ দমকলকর্মী কাজ করে যাচ্ছেন। প্রচণ্ড বাতাস আর উচ্চ তাপমাত্রার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আশ্বস্ত করে বলেছেন, প্রয়োজনে দাবানলের এলাকায় সামরিক বিমান পাঠানো হবে। সূত্র: বিবিসি
/এফইউ/