বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৪ জুন (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট; নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত; মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প; পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি; ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?; ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান; প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প; মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান যুদ্ধকে কেন্দ্র করে ভঙ্গুর বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এখন দুটি ভিন্ন ও ঝুঁকিপূর্ণ দিকে বিভক্ত হয়ে পড়েছে। প্রথম পথটি হলো, চলমান এই সংঘাত যদি দ্রুত শেষ হয়, তবে বিশ্ব অর্থনীতিতে একটি মাঝারি ধরনের মন্দাভাব দেখা দেবে। আর দ্বিতীয় পথটি হলো, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং এর নেতিবাচক প্রভাব আরও গভীর হয়, তবে অনেক দেশই তীব্র অর্থনৈতিক মন্দার কবলে পড়বে।
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
ইসরায়েল ও লেবানন তাদের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নবায়ন করতে এবং লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকটি পরীক্ষামূলক ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করতে সম্মত হয়েছে। এসব অঞ্চলে হিজবুল্লাহ সন্ত্রাসীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ইরানের হামলায় কোনও মার্কিন সেনা নিহত হলে দেশটির সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের কথা বিবেচনা করবেন বলে ব্যক্তিগতভাবে নিজের উপদেষ্টাদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) এখন সবচেয়ে বড় অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই দলটির অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ছে, আর সাম্প্রতিক এক অভ্যন্তরীণ বিদ্রোহ সেই সংকটকে আরও গভীর করেছে। বুধবার টিএমসির ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহ করেন। তাদের নেতৃত্বে দুইবারের রাজ্যসভার সদস্য এবং উলুবেরিয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
লেবানন ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। একটি ফোনালাপের সূত্র ধরে প্রকাশ্যে আসা এই বিরোধে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে। এতে স্পষ্ট হয়েছে, নেতানিয়াহুর সামরিক লক্ষ্য এবং সম্ভবত তার রাজনৈতিক অস্তিত্ব এখন এমন একজন মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল, যুদ্ধ বা উত্তেজনা বাড়ানোর প্রতি যার কোনও আগ্রহ নেই।
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করছে না ওমান। দেশটি বলছে, আন্তর্জাতিক আইন মেনে প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে তেহরানের সঙ্গে শুধু আলোচনা চালানো হচ্ছে। ওমানের অবস্থান হলো, যেকোনও নতুন ব্যবস্থা জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সঙ্গে পরামর্শ করেই কার্যকর করা হবে।
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশনাসংক্রান্ত প্রতিনিধি পরিষদের একটি ভোটের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপকে ‘অদেশপ্রেমিক’ আখ্যা দিয়ে তিনি ইঙ্গিত করেছেন যে, এটি তেহরানের সঙ্গে চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করেছে।
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। একই সময়ে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না।









