ফাঁস হলো ২ লাখের বেশি অফশোর অ্যাকাউন্ট

পানামা পেপারস দ্বিতীয় দফায় প্রকাশিত পানামা পেপারসে কর ফাঁকি দিয়ে বেনামে বিপুল সম্পদ পাচারের নেপথ্যে থাকা বিশ্বের বিভিন্ন অঙ্গনের দুই লাখের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম  অনলাইনে প্রকাশ করা হয়েছে।
এর মাধ্যমে বিশ্বের শত শত রাজনীতিক, কর্মকর্তা, সাবেক ও বর্তমান জাতীয় নেতা সেলিব্রেটি ও তারকা খেলোয়ারের গোপন সম্পদের তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে।এ নিয়ে বিশ্ব জুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।
অারও পড়তে পারেন: নিজামীকে রায় পড়ে শোনানো হয়েছে
তালিকায় বাংলাদেশের ৫টি কোম্পানি এবং ৩৫টি ঠিকানার নাম রয়েছে। বাংলাদেশের ৫টি কোম্পানি হচ্ছে- বাংলাদেশ বিমান ইনকরপোরেশন, ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানি বাংলাদেশ ইনকরপোরেশন, বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিস লিমিটেড, এসার বাংলাদেশ হোল্ডিং প্রাইভেট লিমিডেট ও টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড।  


সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় অনলাইনে এটি পোস্ট করা হয়।https://offshoreleaks.icij.org ঠিকানায় ক্লিক করলে যে কেউ পানামা পেপারসের  তথ্য পেতে পারেন।
অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম (আইসিআইজে) কয়েক দিন আগেই বিশাল তথ্য প্রকাশের ঘোষণা দেয়।
পানামা পেপারসে  বিশ্বের ২ লাখের বেশি অফশোর কোম্পানি, ফাউন্ডেশন ও ট্রাস্টের নাম দেওয়া হয়েছে যেগুলো প্রতিষ্ঠা করা হয়েছে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। তবে সোমবার বিশ্বের শীর্ষস্থানীয় ৩০০ অর্থনীতিবিদ এসব প্রতিষ্ঠানের কর অবকাশের সুবিধা বাতিল করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছেনে, কর অবকাশের ফলে কেবল ধনী ও বিত্তশালী এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোই লাভবান হয়েছে। এর ফলে বিশ্বের অসমতার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। 

 পানামা পেপারসে গোপন সম্পদের অধিকারীদের তালিকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের পেত্রো পোরোশেনকো, আর্জেন্টিনার তারকা ফুটবলারে লিওনেল মেসি, মরিসিও ম্যাকরি, হংকংয়ের অভিনেতা জ্যাকি চ্যান, স্পেনের  চিত্র পরিচালক পেড্রো আলমোদোভারের নাম রয়েছে।
এর আগে পানামা পেপারসের গোপন তথ্য ফাঁসের কারণে পদত্যাগ করতে হয় আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর গানলগসনকে।

চলতি মাসের শুরুর দিকে পানামা পেপারস ফাঁসের মধ্য দিয়ে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারির তথ্য সবার সামনে চলে আসে।

আরও পড়তে পারেন: তালিকায় বাংলাদেশের ৫ প্রতিষ্ঠান ও ৩৫ ঠিকানা
গোপনীয়তা রক্ষাকারী হিসেবে পৃথিবীর অন্যতম প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকা, যেটি পানামার একটি আইনি প্রতিষ্ঠান, সেখান থেকেই ফাঁস হয়েছে  এই বিশাল তথ্য ভান্ডার।  ফাঁস হওয়া নথিগুলোতে দেখা যায়, অর্থ পাচার করতে, কর ফাঁকি দিতে এবং বিভিন্ন রকম নিষেধাজ্ঞা এড়াতে এই আইনি প্রতিষ্ঠানটি তার মক্কেলদেরকে পরামর্শ দিয়ে আসছে আর তাদের পরামর্শ নিচ্ছেন বিশ্বের শীর্ষ রাজনীতিক থেকে শুরু করে ক্ষমতাবান ও সম্পদশালীরা।

পানামা পেপারস ফাঁসের পর বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়। ফাঁস হওয়া নথিগুলোর তথ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়। ফ্রান্স-অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড-অস্ট্রিয়া-সুইডেন-নেদারল্যান্ডসসহ বেশকিছু দেশ তাদের নিজ নিজ দেশের অভিযোগ ওঠা ধনী ও ক্ষমতাশালীদের ব্যাপারে তদন্তের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রও তদন্ত শুরুর কথা জানায়। 

তথ্যসূত্র: বিবিসি

/এমএসএম /