নাইজেরিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে বিপাকে ক্যামেরন, চুরির টাকা ফেরত চান বুহারি

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারিযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নাইজেরিয়াকে চরম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উল্লেখ করার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাইজেরীয় প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। নাইজেরিয়ার চুরি যাওয়া সম্পদ ব্রিটিশ ব্যাংকে গচ্ছিত আছে দাবি করে সে সম্পদ ফেরত চেয়েছেন তিনি। লন্ডনে এক দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দিয়ে এমন দাবি করেন বুহারি।
মঙ্গলবার বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত এক পার্টিতে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে আলাপচারিতায় নাইজেরিয়াকে চরম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উল্লেখ করেন ক্যামেরন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের দুর্নীতি সূচকে দেশটির অবস্থান ১৩৬ তম। নাইজেরিয়াকে নিয়ে ক্যামেরনের মন্তব্যের পর পরই এর নিন্দা জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া সম্পদের জন্য যুক্তরাজ্য সেইফ হ্যাভেন বা নিরাপদ স্বর্গ বলে বিবেচিত হয় উল্লেখ করে ট্রান্সপারেন্সির দাবি, এর মধ্য দিয়ে যুক্তরাজ্যও দুর্নীতির অংশীদার। আরও পড়ুন: পারভেজ মোশাররফ ‘পলাতক’
ক্যামেরন ও বুহারি
লন্ডনের দুর্নীতিবিরোধী সম্মেলনে দেওয়া ভাষণে ট্রান্সপারেন্সির সেই উদ্বেগকেই পনচ্চারিত করেন বুহারি। নাইজেরিয়ার তেল ব্যাপক হারে চুরি হচ্ছে ও বিদেশে রফতানি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বুহারি বলেন, ক্যামেরনের এমন মন্তব্যের জন্য কারও কাছ থেকেই কোনও ধরনের ক্ষমা প্রত্যাশা করছেন না তিনি। তবে ক্ষমাপ্রার্থনার বদলে বৃটেনের ব্যাংকে গচ্ছিত রাখা নাইজেরিয়ার রাষ্ট্রীয় সম্পদ ফেরত চান তিনি; যা তার দেশ থেকে চুরি করা হয়েছে। আরও পড়ুন: ‘উই আর নিজামী’

সম্মেলনে নাইজেরিয়া দুর্নীতিগ্রস্ত দেশ বলে স্বীকার করেন বুহারি। তবে, তার দাবি দুর্নীতি হলো শাখা প্রশাখাবিশিষ্ট এক দানবের মতো যা বিভিন্ন দেশের জন্যই একযোগে হুমকি তৈরি করে। বুহারি দাবি করেছেন, দুর্নীতির ক্ষেত্রে উন্নত আর উন্নয়নশীল দেশ হওয়ার প্রশ্নটি ভেদাভেদ তৈরি করে না।

লন্ডনে আয়োজিত দুর্নীতিবিরোধী সম্মেলনের সভাপতিত্ব করেন ডেভিড ক্যামেরন। ওই অনুষ্ঠানে নাইজেরিয়া চরম দুর্নীতিবাজ কি না জানতে চাইলে বুহারি হ্যাঁ সূচক মন্তব্য করেন। তিনি আরো বলেন, দুর্নীতি নাইজেরিয়ার সর্বত্র ছড়িয়ে আছে এবং তার সরকার এটি প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ।  সূত্র: বিবিসি

/এফইউ/