যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টির মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন দলটির নেতারা। এ ইস্যুতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। ৮ নভেম্বর ২০১৬ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার ওয়াশিংটন ডিসিতে দলের এক বৈঠকে স্পিকার পল রায়ান বলেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে ঐক্য প্রয়োজন। এর কোনও বিকল্প নেই।
পল রায়ান বলেন, 'দলে বিভাজন নিয়ে আমরা কোনওভাবেই প্রেসিডেন্ট নির্বাচনে যেতে পারি না। দলের বিভিন্ন শাখার নেতাদের মধ্যে মতের বিরোধ থাকবেই। জুলাইয়ে জাতীয় কনভেনশনের আগেই এটি দূর করতে হবে।'
এদিকে, মনোনয়ন প্রায় নিশ্চিত হওয়ার পর ট্রাম্প, রানিংমেট নির্ধারণের কথা ভাবছেন বলে জানা গেছে। এরইমধ্যে তিনি ৫/৬ জনের একটি তালিকা করেছেন। বৃহস্পতিবার রিপাবলিকানদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ বিলিওনিয়ারের বৈঠকের কথা রয়েছে। ট্রাম্পের বিষয়ে দলের মধ্যকার বরফ গলাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজনের চেষ্টা করছেন উল্লেখ করে তার বিদ্বেষপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। বুধবার নিউ জার্সিতে প্রচারণায় গিয়ে ট্রাম্পের বাগাড়ম্বর ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের নিন্দা জানান হিলারি। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সব জাতিগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন সাবেক এই ফার্স্ট লেডি।
ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন বলেন, 'আমরা রিপাবলিকান প্রার্থীর কাছ থেকে বিভাজন ও ঘৃণার বক্তব্য শুনেছি। তাদের দলেরই আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, বিভাজিত কংগ্রেসে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া যায় না। আমরাও যুক্তরাষ্ট্রে ঐক্যের রাজনীতি দেখতে চাই, বিভাজনের নয়।' সূত্র: বিবিসি।
/এমপি/