প্যারিস থেকে বুধবার রাতে ছেড়ে যাওয়া ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটি কায়রোর সময় রাত ২টা ৪৫ মিনিটের দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এয়ার ইজিপ্ট কর্তৃপক্ষ জানায়,নিখোঁজ হওয়ার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে ওড়ার সময় এটি নিখোঁজ হয়। এরপর বিমানটির পরিণতি নিয়ে চলে জল্পনা। এক পর্যায়ে গ্রিক বিমান চলাচল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় বিমানটি কারপাথোস দ্বীপ এলাকায় এজিয়ান সাগরে বিধ্বস্ত হয়েছে। এরপর প্যারিসে এক সংবাদ সম্মেলনে ওলাদ বললেন, যত তথ্য পাওয়া গেছে সেগুলো ইঙ্গিত দিচ্ছে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। আর টুইটারে ইজিপ্ট এয়ার নিশ্চিত করে, গ্রীসের কারপাথোস দ্বীপের কাছে বিমানটির কিছু ভাঙ্গা অংশ পাওয়া গেছে।
ওই বিমানের বিধ্বস্ত অংশ খুঁজে পেতে ভূমধ্যসাগরে যখন অনুসন্ধান তৎপরতা চলছে ঠিক সে সময় মিশরের বিমান পরিবহন মন্ত্রী শেরিফ ফাথি এর সঙ্গে সন্ত্রাসবাদের সংযোগের আশঙ্কা প্রকাশ করেন।
কায়রোতে মন্ত্রী শেরিফ ফাথি বলেন, ‘এই বিমান বিধ্বংসের কারণ যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে ফ্রান্সকে নিরাপত্তাজনিত ফাঁকফোঁকরের জন্য দায়ী করা হবে।’ তিনি আরও বলেন, ‘যদি এটা প্রমাণিত হয় যে এই ঘটনাটি ছিল সন্ত্রাসী কাজ, তা হলে আমাদেরকে এটা জানতে এবং মানতে হবে যে এই বিমানের যাত্রা শুরু হয়েছিল ফ্রান্স থেকে, মিসর থেকে নয়।’
উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বিমান বিধ্বস্তের সম্ভাব্য কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, এই বিমান নিখোঁজের প্রকৃত কারণ তাদের জানতেই হবে। সূত্র: গার্ডিয়ান, ভয়েস অব আমেরিকা
/বিএ/