ওবামার ভিয়েতনাম সফর

আলোচনায় মুক্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা ও অস্ত্র নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভিয়েতনাম সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো হবে বলে আশা করা হচ্ছে। ভিয়েতনাম যুদ্ধের পর তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা ভিয়েতনাম সফরে গেছেন। এই সফরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা ও ভিয়েতনামের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওবামার এই সফরে দুই দেশের মধ্যে অস্ত্র ও বাণিজ্য বিষয়ে চুক্তি হতে পারে।

দশ বছরের মধ্যে প্রথমবার কোনও মার্কিন প্রেসিডেন্টের ভিয়েতনাম সফর

তিনদিনের রাষ্ট্রীয় সফরে ওবামা রবিবার (২২ মে) রাতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র খবরে বলা হয়, প্রশান্ত মহাসগীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই সফরে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে ভিয়েতনামের যে প্রতিবন্ধতা রয়েছে, তা দূর করার বিষয়ে ওবামা আলোচনা করবেন। এদিকে ভিয়েতনাম চায় দেশটির ওপর ১৯৮৪ সালে আরোপিত মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস বলেন, ‘ভিয়েতনামের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভিয়েতনাম তার প্রতিরক্ষা বাড়াতে পারবে।’ তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভিয়েতনামে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেই কেবল অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’ সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

থাইল্যান্ডের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৮

দুর্ভিক্ষের মুখে আফ্রিকার ৫ কোটি মানুষ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/বিএ/