আফগান সরকারের সঙ্গে কোনও ধরনের শান্তি-আলোচনা করতে চান না নতুন তালেবান প্রধান মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদা। তালেবান-গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের যুগকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি। হাবিবুল্লাহ আখন্দজাদা ঘোষণা দিয়েছেন, তিনি সাধারণ জীবনযাপন আর নিয়মিত শত্রুদের ওপর আক্রমণ পরিচালনা করবেন।
আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুরের মৃত্যুর পর তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদাকে প্রধান নেতা নির্বাচন করা হয়। বুধবার (২৫ মে) তালেবানের পক্ষ থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় নেতারা এক বৈঠকে মিলিত হয়ে মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদাকে নতুন নেতা নির্বাচন করেন।
উচ্চ পর্যায়ের কমান্ডারদেরকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নবনির্বাচিত তালেবান প্রধান। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন আফগান সরকারের সঙ্গে কোন রকম শান্তি আলোচনায় যাওয়া হবে না। আখন্দজাদা অঙ্গীকার করেছেন, তিনি তালেবানদের মধ্যে মোল্লা মোহাম্মদ ওমরের যুগ ফিরিয়ে আনবেন এবং নিবেদিতপ্রাণ নেতার মত সাধারণ জীবনযাপন করে শত্রুদের ওপর আক্রমণ অব্যাহত রাখবেন।
আরও পড়ুন: আইএস পরিচয়ে ইরানের সরকারি ওয়েবসাইট হ্যাক
এদিকে, বুধবার নতুন নেতা নির্বাচিত হওয়ার পর পরই রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে তালেবান। ওই হামলায় ১০ জন নিহত ও চারজন আহত হয়। আহতদের মধ্যে দুইজন শিশু।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সরকারের বিরুদ্ধে শক্ত ক্ষেত্র তৈরি করেছে তালেবানরা। আফগান সেনাবাহিনীকে তাদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য করেছে তালেবান। সূত্র: সিএনএন
/ইউআর/বিএ/