এক জাপানি নারীকে হত্যার সঙ্গে সাবেক মেরিন সেনার জড়িত থাকার অভিযোগের পর জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটিতে কারফিউ জারি করা হয়েছে। সেই সঙ্গে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়, ২৪ জুন পর্যন্ত ওকিনাওয়ার মার্কিন ঘাঁটিতে কারফিউ বলবৎ থাকবে। ওই সময়ে মার্কিন ঘাঁটিতে কোনো উৎসব আয়োজন করা যাবে না। মধ্যরাতের পর কোনও সেনা সদস্য ওই ঘাঁটির বাইরে যাওয়া এবং ঘাঁটির বাইরের পানশালায় মদ্যপানেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জাপানে মার্কিন মেরিন সেনা কমান্ডার লে. জে. লরেন্স নিকলসন এক সংবাদ সম্মেলনে ওকিনাওয়া দ্বীপে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দ্বীপের মানুষের সঙ্গে শোকে একাত্ম মার্কিন সেনারা। মধ্যরাতের পর ঘাঁটির বাইরে কোনও ক্লাব বা পানশালায় মদ্যপান থেকে বিরত থাকবে সেনারা। এ ছাড়া ঘাঁটিতে পূর্বনির্ধারিত কনসার্ট নিষিদ্ধ করা হয়েছে।
ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে প্রায় ৩০ হাজার মতো মার্কিন সেনা সদস্য রয়েছেন। জাপানি নারী হত্যার ঘটনায় সাবেক মেরিন সেনা কেনেথ শিনজাটোকে গত ১৯ মে আটক করা হয়। তবে এখনও তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জি-৭ সামিটের জন্য জাপানে গেলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওকিনাওয়া দ্বীপে নারী নিহতের ঘটনাটি উত্থাপন করেন।
জাপানি নারী নিহত হওয়া এবং এর সঙ্গে সাবেক মার্কিন সেনা জড়িত থাকার অভিযোগে ওকিনাওয়া দ্বীপের স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।
সূত্র: বিবিসি।
আরও পড়ুন:
ফালুজা পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী
কিম উনের খালা নিউ ইয়র্কে লন্ড্রি চালান
আপাতত উমর-অনির্বাণদের সাজা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
/এসএ/