সন্ত্রাসবাদী হামলার ঝুঁকিতে ইউরোপ, মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

জরুরি অবস্থায় থাকা ফ্রান্সসম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় এই গ্রীষ্মে মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের উপর সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা এই সতর্কতার খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারির ঘটনা বিরল। তবে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করতে বাধ্য হয়েছেন তারা।
পররাষ্ট্র দফতরের ওই সতর্ক বার্তায় কোন সুনির্দিষ্ট হুমকির উল্লেখ করা হয়নি, তবে যারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ইউরোপে যান, তাদের সবার উদ্দেশ্যেই এই সতর্কতা জারি করা হয়েছে। পররাষ্ট্র দফতর বলছে, ইউরোপে বেশি সংখ্যক মার্কিন নাগরিকের উপস্থিতি তাদেরকে সন্ত্রাসীদের বড় লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
সতর্কবার্তায় কিছু সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গা এবং অনুষ্ঠানের উল্লেখ রয়েছে। এর মধ্যে বিশেষ করে প্যারিসে আগামী দশই জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের কথা বলা রয়েছে। যদিও এই টুর্নামেন্ট চলাকালে ফ্রান্সে জরুরী অবস্থা জারি করা থাকবে বলে দেশটির সরকার বলছে।
এছাড়া জুলাই মাসে ট্যুর ডে ফ্রান্স সাইকেল রেস এবং তার পরপর পোল্যান্ডের ক্যাথলিক ওয়ার্ল্ড ইয়ুথ ডে’কেও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় নিয়মিত ভাবেই বিভিন্ন দেশে স্বল্পকালীন ভ্রমণ সতর্কবার্তা জারি করে, তবে ইউরোপের জন্য এমন সতর্কবার্তা জারি বিরল ঘটনা।

উল্লেখ্য, গত ২০ বছরে এই নিয়ে মোটে তিনবার মার্কিনীরা ইউরোপ সফরের উপর সতর্কতা জারি করল। দ্বিতীয় সতর্কতাটি জারি করা হয় গত নভেম্বর মাসে, প্যারিস হামলার পরে। সূত্র: বিবিসি

/বিএ/