জাতিসংঘ জানিয়েছে অবরুদ্ধ অঞ্চলগুলোতে বিমান থেকে ফেলে সহায়তা পৌঁছানোর আগে সিরিয়া সরকারের কাছ থেকে অনুমতি চেয়ে নেওয়া হবে। শুক্রবার প্রতিরক্ষা কাউন্সিলের এক রুদ্ধদ্বার বৈঠকের পর কূটনীতিকরা এ কথা জানান।
সিরিয়ার ১৯ টি ভিন্ন ভিন্ন অঞ্চলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন অন্তত ৬ লক্ষ মানুষ। জাতিসংঘের দেওয়া তথ্যমতে এদের মধ্যে দুই তৃতীয়াংশই সিরিয়ার সরকারি বাহিনীর কাছে অবরুদ্ধ, বাকি এক তৃতীয়াংশ ইসলামিক স্টেটের অধীনে রয়েছেন।
জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান স্টিফেন ও’ব্রিয়েন বলেন, শুধুমাত্র জুন মাসেই সিরিয়া সরকারকে ৩৭টি অনুরোধ করেছে জাতিসংঘ। অবরুদ্ধ ও দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ ও সহায়তা পৌঁছানোর এই অনুরোধগুলোর মধ্যে পাঁচটিই প্রত্যাখ্যান করেছে সিরিয়া সরকার।
তিনি বলেন, ‘আমরা এই অনুরোধ করতেই থাকবো, কেননা আমরা আইনানুগভাবেই কোন বিঘ্ন ছাড়া ওই মানুষদের কাছে পৌঁছাতে চাই।’
আরও পড়ুন: প্যারিসে বন্যা পরিস্থিতি, ৩০ বছরে সর্বোচ্চ উচ্চতায় সেইনের পানি
এদিকে, বৃহস্পতিবার সিরিয়া সরকার ঘোষণা করেছে, ১৯ টি অবরুদ্ধ অঞ্চলের অন্তত ১১টিতে জাতিসংঘ ও রেডক্রসকে সহায়তা ও ত্রাণ পৌঁছানোর অনুমতি দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা /ইউআর/