জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশকে সর্বসম্মতভাবে এ পদের জন্য নির্বাচিত করা হয়। জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের প্রার্থিতার প্রস্তাব করা হয়েছিল। ৭১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে ফিজি।
বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। নিয়ম অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশও অধিবেশনে সহ-সভাপতি হিসেবে থাকবে।
সভাপতি হিসাবে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন নির্বাচিত হয়েছেন। পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান সভাপতি ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন। গোপন ব্যালটের ভোটে সাইপ্রাসের আন্দ্রেয়া ডি. মাভরোআান্নিসকে হারিয়ে পিটার টমসন সভাপতি নির্বাচিত হন ।
৭১তম অধিবেশনের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ জাতিসংঘ কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বিএসএস।
/এমপি/