মতিন নিজেই স্থানীয় টেলিভিশনকে টেলিফোনে হামলার কথা জানিয়েছিলেন!

nonameস্থানীয় এক মার্কিন টেলিভিশন চ্যানেল দাবি করেছে, হামলার সময় তাদের স্টেশনে টেলিফোন করেছিলেন ওমর মতিন। টেলিফোনে তিনি হামলার দায়িত্ব স্বীকার করেছেন। আইএসের প্রতি তার আনুগত্যের কথা জানিয়েছেন। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এখনও এই ফোন কলটির ব্যাপারে নিশ্চিত করেনি। তবে ওই টেলিভিশন কর্তৃপক্ষ বলছে, যে নম্বর থেকে টেলিফোন করা হয়েছিল, সেটি মতিনের বলে তারা নিশ্চিত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ওই ফোন কলের খবর উঠে এসেছে।
বরিবার সকাল। অর‍ল্যান্ডোর হামলাস্থল থেকে মাত্র ২ মাইল দূরে টেলিভিশন চ্যানেল নিউজ থার্টিনের অফিস। প্রতিদিনের মতোই কাজ করছিলেন ওই টেলিভিশন চ্যানেলের একজন প্রযোজক ম্যাথিউ জেন্টিলি। তিনি জানান, একের পর এক ফোন আসছিল। সবাই জানতে চাইছিল কী ঘটেছে। কী হয়েছে।
তবে স্থানীয় সময় দিবাগত রাত ২টা ৪৫ এর দিকে তার কাছে একটি ফোন আসে যেটিকে ভিন্নরকম ফোন কল বলে শনাক্ত করেন ম্যাথিউ। তাকে বিপরীত পাশ থেকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কি অরল্যান্ডোর হামলার ব্যাপারে কিছু জানেন’? উত্তরে ম্যাথিউ বলেন যে বিষয়টি তিনি জানতে পেরেছেন। বিপরীত পাশ থেকে তখন বলা হয়, ‘হুম আমি সেই ব্যক্তি। যে হামলাটা পরিচালনা করেছে। আমিই সেই’। টেলিফোনের বিপরীত পাশ থেকে আরও বলা হয়, ‘আইএসের প্রতি আনুগত্য থেকে এই হামলা চালিয়েছি আমি।’ এরপর আরবীতে কথা শুরু করেন বিপরীত পাশের ওই ব্যক্তি।
তাকে ইংরেজিতে কথা বলতে অনুরোধ জানালে তিনি আবারও বলেন, ‘আমি এটা আইএসের জন্য করেছি। আমি এটা ইসলামিক স্টেটের জন্য করেছি’।

নিউজ নাইন বলছে, মতিনের ফোন থেকেই যে এই কল এসেছিল, সেটা তারা নিশ্চিত হয়েছেন। ফোন নম্বর মিলিয়ে দেখার পর তারা এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন। তবে তদন্ত সংস্থা এফবিআই ওই ফোন কল মতিনের কিনা, তা নিশ্চিত করেনি এখনও। সূত্র: ওয়াশিংটন পোস্ট

/বিএ/