ট্রাম্পকে হত্যাচেষ্টায় গ্রেফতার ব্রিটিশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুন) মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, মাইকেল স্টিভেন স্যান্ডফোর্ড নামক ওই ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্পকে হত্যাচেষ্টায় আটক মাইকেল স্যান্ডফোর্ড

জানা গেছে, শনিবার লাস ভেগাসে ট্রাম্পের নির্বাচনি প্রচারণাকালে স্যান্ডফোর্ড এক পুলিশ সদস্যের পিস্তল ছিনিয়ে নিতে চেষ্টা করেন। তখন তাকে গ্রেফতার করা হয়।

সোমবার নেভাদার ফেডারেল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে ফেডারেল আদালত স্যান্ডফোর্ডকে ‘সমাজের জন্য ক্ষতিকর’ উল্লেখ করে ৫ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, স্যান্ডফোর্ড একজন ব্রিটিশ নাগরিক।  

জানা গেছে, পুলিশের পিস্তল কেড়ে নিয়ে তিনি ট্রাম্পকে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। স্যান্ডফোর্ড এক তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন, এক বছর ধরে তিনি ট্রাম্পকে হত্যা করার কথা ভাবছিলেন। এবার তা করার ব্যাপারে নিজের ওপর বেশি আত্মবিশ্বাস ছিল বলেও জানান তিনি।

ব্রিটেনের পররাষ্ট্র এবং কমনওয়েলথ অফিসের এক মুখপাত্র বলেন, ‘আমরা লাস ভেগাসে গ্রেফতার হওয়া ওই ব্রিটিশ নাগরিককে প্রয়োজনীয় সহায়তা প্রাদান করছি।’ রবিবার থেকেই ব্রিটিশ কর্তৃপক্ষ স্যান্ডফোর্ডকে সহায়তা দিচ্ছেন বলে জানা গেছে।

লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প

স্যান্ডফোর্ডের বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয়, তিনি সোয়েরকোস্কি নামক এক মার্কিন তদন্ত কর্মকর্তাকে বলেছেন, তিনি ক্যালিফোর্নিয়া থেকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য লাস ভেগাসে গিয়েছিলেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, তিনি বন্দুক চালনা শেখার জন্য ব্যাটলফিল্ড ভেগাস নামক একটি শুটিং রেঞ্জে গিয়েছিলেন এবং জীবনে প্রথমবারের মতো গুলি চালিয়েছিলেন। সেখানে তিনি ২০ রাউন্ড গুলি চালান। স্যান্ডফোর্ড প্রায় দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং গত এক বছর ধরে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিলেন বলেও ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

আগামী ৫ জুলাই ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন: 

ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি বামপন্থীরা অনশনে

‘তিস্তা চুক্তি নিয়ে মমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের’

সর্বোচ্চ শিয়া আলেমের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন

/এসএ/