‘তিস্তা চুক্তি নিয়ে মমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের’

সৈয়দ মুয়াজ্জেম আলীভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তার পানি বন্টনের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৪০ মিনিটের এক সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুয়াজ্জেম আলী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তার সর্বশেষ বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি নিয়ে তার ওপর আস্থা রাখতে বলেছিলেন।’ তিনি আরও বলেন, ‘তিস্তা এবং অন্যান্য বিষয়ে আমাদের (পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের) সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
রামকৃষ্ণ মিশনকে দেওয়া ইসলামিক স্টেট (আইএস)-এর হুমকি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দুটি দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা রয়েছে। আর ওই হুমকির পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের এ বিষয়ে আগেই কথা হয়েছে। সুষমা স্বরাজের সঙ্গে আমাদের আলোচনার বিষয়ে আজ আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’  
ইলিশ রফতানির বিষয়ে মুয়াজ্জেম আলী বলেন, ‘আমরা ইলিশ রফতানি করব। তবে এর আগে অবশ্যই বন্দর এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে। তা না হলে রফতানির সময় মাছ পঁচে যাবে।’

মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জয়ের বিষয়ে তিনি বলেন, ‘এই বিশাল জয় প্রমাণ করে তার ওপর পশ্চিমবঙ্গের জনগণের বিশ্বাস রয়েছে।’

দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতার সঙ্গে মুয়াজ্জেম আলীর এটাই প্রথম সাক্ষাৎ। এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ।

হাইকমিশনার মুয়াজ্জেম আলী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সূত্র: ওয়ান ইন্ডিয়া।

আরও পড়ুন: 

ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি বামপন্থীরা অনশনে

সর্বোচ্চ শিয়া আলেমের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন

ট্রাম্পকে হত্যাচেষ্টায় গ্রেফতার ব্রিটিশ নাগরিক

/এসএ/