বৃহস্পতিবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে একজন মুখপাত্র এ কথা জানান। এদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেও সেই ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়ানোর কথা বলা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, কোনো দেশের ক্ষেত্রে ‘ট্র্যাভেল অ্যালার্ট’ জারি করার অর্থ হল, সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে অবহিত ও সতর্ক থাকা। সাধারণত নির্বাচনকালে অথবা বিক্ষোভ কিংবা ধর্মঘট চলাকালে, বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলা হলে এমন সতর্কতা জারি করা হয়, যা সবসময়ই স্বল্পমেয়াদী হয়ে থাকে। আর ট্রাভেল ওয়ার্নিং খুবই বড় রকমের সতর্কতা। এই ক্ষেত্রে মার্কিন নাগরিকরা সেই দেশে যাতায়াত করবে কিনা তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলা হয়। সাধারণত, অস্থিতিশীল সরকার, গৃহযুদ্ধ, সহিংসতার ক্রমবৃদ্ধি অথবা অব্যাহত সন্ত্রাসী আক্রমণের প্রেক্ষাপটে এই ধরনের সতর্কতা জারি করা হয়।
বৃহস্পতিবারের নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন নাগরিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতির সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি। তিনি বাংলাদেশে চলমান ‘উগ্রপন্থি সহিংসতার আশঙ্কার’ বিষয়ে সতর্ক করেন। ‘চলমান পরিস্থিত’ শব্দটির ওপর জোর দিয়ে এই সময়ে ঢাকায় আসার ‘ঝুঁকির’ কথা উল্লেখ করেন তিনি। কিবরি বলেন, ‘গত ফেব্রুয়ারিতে যে ট্র্যাভেল অ্যালার্ট জারি করা হয়েছিল, তা বাড়িয়ে এখন ট্র্যাভেল ওয়ার্নিং জারি করা হয়েছে।’
গুলশানের জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবার ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভ্রমণসতর্কতা ‘অ্যালার্ট’ ছাপিয়ে ‘ওয়ার্নিং’ পর্যায়ে নেওয়া হয়েছে।
জন কিরবি বলেন, ‘যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে তাদের উচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে।’ যারা বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের ওই বিধিনিষেধ জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন কিরবি।
এদিকে ঢাকার মার্কিন দূতাবাসের অফিসের ওয়েবসাইটে তাদের নাগরিকদের ঢাকায় ব্যক্তিগত চলাফেরার ওপর কিছু বিধিনিষেধ আরোপের তথ্য পাওয়া গেছে। সেই তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী বা তাদের পরিবারের সদস্যদের পায়ে হেঁটে, বাইসাইকেল, রিকশা বা কোনো উন্মুক্ত যানবাহনে চলাচল না করতে এবং বড় কোনো জনসমাগমস্থলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে।
/বিএ/