জয়েন্ট অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে বালাদের সাইদ মোহাম্মদ মাজারে আত্মঘাতী বোমা, মর্টার ও বন্দুক হামলা চালানো হয়।
মাজারটি বাগদাদের ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রথমে মাজারটিতে মর্টার হামলা চালানো হয়। এরপর আত্মঘাতী বোমা হামলাকারীরা মাজারে প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় এবং অন্যান্য জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়।
এর আগে ৩ জুলাই ২০১৬ রবিবার বাগদাদের একটি শপিং সেন্টারের পাশে আইএস জঙ্গিদের চালানো আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হন অন্তত ২৯২ জন। ওই হামলায় আহত হন শতাধিক মানুষ।
অনলাইনে দেওয়া এক বিবৃতিতে শপিং সেন্টারের পাশে চালানো হামলার দায় স্বীকার করেছে আইএস। আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস জঙ্গিদের দখল থেকে ফালুজা শহর পুনরুদ্ধার করার এক সপ্তাহের মাথায় বাগদাদের শপিং সেন্টারের পাশে ওই হামলা চালানো হয়। ফালুজার ঘাঁটি থেকে আইএস জঙ্গিরা বাগদাদে বোমা হামলা চালায় বলে জানিয়েছিল ইরাকি কর্তৃপক্ষ।
ইরাক ও সিরিয়ায় সরকারি বাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের অভিযানের মুখে চাপের মধ্যে আছে আইএস। তবে চাপের মধ্যে থাকলেও জঙ্গিগোষ্ঠীটি এখনো দেশ দুটির বিশাল এলাকা দখল করে রেখেছে। গোষ্ঠীটির দখলকৃত এলাকাগুলোর মধ্যে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও আছে। গতবারের মতো এবারও মসুলের বাসিন্দাদের ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করে আইএস জঙ্গিরা। সূত্র: আল জাজিরা, বিবিসি।
/এমপি/