বিস্ফোরণের মুখে আইএস জঙ্গিকে জড়িয়ে ধরলেন এক ইরাকি, বাঁচালেন বহু মানুষকে

nonameমৃত্যু হতে পারত কয়েকশো মানুষের। হিসেব কষেই আত্মঘাতী হামলা চালিয়েছিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা। কিন্তু  সেই হামলার তীব্রতা কমাতে নিজেকে উৎসর্গ করলেন একজন ইরাকি। বাঁচালেন কয়েকশ মানুষের প্রাণ।
সন্দেহভাজন আইএস জঙ্গিরা ইরাকের বালাদ শহরে বৃহস্পতিবার হামলা চালায়। সৈয়দ মুহাম্মদ মসজিদ নামে বালাদের একটি সুপ্রাচীন তীর্থক্ষেত্র ছিল হামলাটির লক্ষ্য। মসজিদে যখন বহু মানুষের সমাগম হয়েছে, ঠিক সেই সময়েই হানা দেয় সন্দেহভাজন জঙ্গিরা। লক্ষ্য ছিল বহু প্রাণহানি ঘটানো। কিন্তু জঙ্গির হাবভাব দেখে নাজিহ শাকির নামে এক পুণ্যার্থী বুঝতে পারেন, বিস্ফোরণ ঘটাতেই সে মসজিদে ঢুকছে। আর সময় নষ্ট করেননি নাজিহ শাকির। দৌড়ে গিয়ে মসজিদের মূল অংশের প্রবেশ পথেই আটকে দেন জঙ্গিকে। জঙ্গি তার আত্মঘাতী জ্যাকেটে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটানোর আগের মুহূর্তে নাজিহ শাকির জড়িয়ে ধরেন জঙ্গিকে। এতে বিস্ফোরণের আঘাত অনেকটাই নিজের শরীর দিয়ে আটকে দিতে সক্ষম হন নাজিহ। তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে এতে বিস্ফোরণের তীব্রতা বেশ খানিকটা কমে যায়।
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, বালাদের সৈয়দ মুহাম্মদ মসজিদের বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু হয়েছে। আগত ৭০ জন। কিন্তু নাজিহ শাকির আত্মঘাতী জঙ্গিকে জড়িয়ে না ধরলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত।
বালাদ শহরের এই আত্মঘাতী হামলার ঠিক আগের দিনই কারাদা এলাকায় একই কায়দায় আত্মঘাতী হামলা চালিয়েছিল আইএস। ৩০০ মানুষের মৃত্যু হয়। ওই হামলা ছিল গত ১৩ বছরে ইরাকে সবচেয়ে বড় আত্মঘাতী হামলা। সূত্র: ইন্ডিয়া টাইমস, মেট্রো

/বিএ/