আইএসকে আল্টিমেটাম আসাদবিরোধী বিদ্রোহীদের

nonameসিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে আইএসকে চলে যেতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দেশটির আসাদবিরোধী বিদ্রোহীরা। বেসামরিক ব্যক্তিদের জীবন রক্ষায় সিরীয় বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর পক্ষ থেকে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর অনুগত ‘মানবিজ মিলিটারি কাউন্সিল’ –এর দেওয়া আল্টিমেটামে শহরে অবরুদ্ধ আইএস সদস্যদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এটাই তাদের জন্য সর্বশেষ সুযোগ।

এসডিএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক ব্যক্তিদের জীবন ও সম্পদ এবং শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমরা ঘোষণা করছি যে, শহরে অবরুদ্ধ হয়ে পড়া দায়েশ (আইএস) সদস্যরা নিজেদের সঙ্গে থাকা হালকা অস্ত্র নিয়ে এলাকা ত্যাগ করতে পারবে।

শহরের যেসব এলাকায় সংঘর্ষ চলছে সেখান থেকে চলে যেতে বা দূরে অবস্থান করতে বেসামরিক ব্যক্তিদের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এসডিএফ’র একজন কমান্ডার জানিয়েছেন, মানবিজের উপজাতি নেতারা গত সপ্তাহে এই ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল। তবে দায়েশ বেসামরিক ব্যক্তিদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করায় এবং শহরে অবরুদ্ধ হয়ে পড়া অধিবাসীদের জীবন রক্ষায় বৃহস্পতিবার থেকে এই আল্টিমেটাম কার্যকর করা হয়েছে।

/এমপি/