ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যাত্রী পরিবহন, যুদ্ধ বা অন্য কোন উদ্দেশ্যে নয়, উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষকে ইন্টারনেটের আওতায় আনার উদ্দেশ্যেই বিমান নির্মাণ করছে ফেসবুক।
ফেসবুকের বিমান নির্মাণের এই প্রজেক্টের নাম একুইলা। এখানে সৌরশক্তি চালিত একটি বিমান নির্মাণ করা হচ্ছে, যেটি মাসের পর দুর্গম এলাকার আকাশে উড়তে পারবে। ফেসবুকের তৈরি এই ড্রোনটি হবে বিদ্যুৎচালিত। আকাশে উড়ে উড়ে দুর্গম এলাকার মানুষদের ইন্টারনেট সেবা দেবে ওই বিমান। ফলে যেসব এলাকায় বিমানটি উড়বে, সেখানকার বাসিন্দারা এটি থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
দুইবছর আগে ব্রিটেনের একটি ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান কিনে নেয় ফেসবুক। সেই প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে এই বিমান।
ফেসবুকের তৈরী প্রথম বিমানটির পরীক্ষা শেষ হয়েছে। সেটি আকাশে উড়েছে নব্বই মিনিট।
প্রজেক্টের প্রকৌশলী অ্যান্ডি কক্স বলছেন, আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। কারণ এই বিমানটি আকাশে একটানা অন্তত তিনমাস উড়বে এবং অন্য কোন সিগন্যালে সমস্যা না করে ইন্টারনেট সেবা দেবে।
এখন পর্যন্ত সৌরবিদ্যুত চালিত বিমান সর্ব্বোচ্চ দুই সপ্তাহ আকাশে উড়েছে। ফলে ফেসবুকের পরিকল্পনা বাস্তবায়নে আরও অনেক কাজ বাকি। সূত্র: বিবিসি
/বিএ/