প্যারিস প্রসিকিউটর কার্যালয় সূত্রের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যমগুলো জানায়, ‘ডিএনএ পরীক্ষা করার পর দ্বিতীয় হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে। আবদেল মালিক পেতিতজিয়ান নামের ওই হামলাকারী ফ্রান্সের পূর্বাঞ্চলে বসবাস করতেন। উগ্রপন্থীদের তালিকায় তার নাম ছিল। হামলার কয়েকদিন আগে থেকে পুলিশ তাকে খুঁজছিল’।
এর আগে, একজন হত্যাকারীর নাম প্রকাশ করা হয়েছিল। তার নাম আদেল কেরমিচে। তারও বয়স ১৯ বছর। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কথিত বার্তা সংস্থা আমাক-এর ওয়েবসাইটে বুধবার দুই হত্যাকারীর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, হামলার আগে ধারণ করা ওই ভিডিওতে ওই দুই ব্যক্তিকে আরবিতে কথা বলতে দেখা গেছে। তারা আইএস প্রধান আবু বকর আল বাগদাদির আনুগত্য স্বীকার করছিলেন। তাদের একজন আইএসের পতাকার প্রিন্টযুক্ত একটি চিহ্ন ধরে ছিলেন।
ইন্ডিপেনডেন্ট আরও জানায়, ওই দুই ব্যক্তি নিজেদের নাম আবু ওমর ও আবু জলিল আল হানফাই বলে জানিয়েছে। তারা হাত ধরে মেঝেতে বসেছিল এবং বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করছিল। আমাক নিউজে প্রকাশিত ভিডিওতে কেরমিচেকে সেনা পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। ভাঙা ভাঙা আরবিতে কথা বলছিল সে।
পুলিশ ১৬ বছর বয়সী এক কিশোরকে কিরমিচের পরিচয়পত্রসহ আটক করেছে। সে কিরমিচের ছোট ভাই বলে ধারণা করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের আওতায় রাখা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রুয়াঁর একটি গির্জায় হামলা চালিয়ে ৫ জনকে জিম্মি করা হয়। ফাদার জ্যাক হামেল নিলকে তাদের সামনে হাজির করার দাবি জানানো হয়। ৮৬ বছর বয়সী ফাদার জ্যাক ৭৫ বছর বয়সে অবসরে গেলেও মাঝে মাঝে প্রয়োজন বিবেচনা করে আরেক ধর্মযাজক অগাস্তে মোয়ান্ডার হয়ে উপসনায় নেতৃত্ব দিতেন তিনি। মঙ্গলবারও তিনি ধর্মোপদেশমূলক বক্তৃতা দিচ্ছিলেন। তখনই ওই দুর্বৃত্ত হামলা চালায়। পরে তার গলা কেটে হত্যা করে।
ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কথিত বার্তা সংস্থা আমাক-এ সংগঠনটির দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়। আমাক নিউজে বলা হয়, ‘নরম্যান্ডিতে গির্জায় হামলাকারীরা আইএসের সৈনিক। ক্রুসেডার জোটভুক্ত দেশগুলোকে টার্গেটের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।’ সূত্র: বিবিসি, ইন্ডিপেনডেন্ট
/এফইউ/