ইরাকের হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

ইয়ারমুক হাসপাতালের নবজাতক ইউনিট (ফাইল ফটো)ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ১১ অপরিণত নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়ারমুক টিচিং হাসপাতালে ছড়িয়ে পড়া এ প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার হাসপাতালটির মাতৃত্বকালীন ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। সেসময় ওই ১১ অপরিণত নবজাতক নিহত হয়। তাছাড়া আরও সাত শিশু ও ২৯ জন নারীকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে ১৯ জনকে পোড়াজনিত ক্ষত ও ধোঁয়াসৃষ্ট শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠিক কী কারণে হাসপাতালে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি, আল জাজিরা

/এফইউ/বিএ/