শিকাগোর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মুসলিম নারীর মামলা

57ad5da7b7e44

সম্ভাব্য জঙ্গি হামলাকারী হিসেবে চিহ্নিত করায় শিকাগো পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক মুসলিম নারী। বৃহস্পতিবার ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারী। 

সূত্র জানায়, চার জুলাই মাথায় হিজাব পরে ও কাঁধে ব্যাকপ্যাক নিয়ে শহরের এক সাবওয়ে স্টেশনে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন ইতেমিদ আল-মাতার নামের ওই নারী। তার দাবিমতে, ওই কর্মকর্তারা তার মাথার হিজাব ধরে টান দেন ও তাকে গ্রেফতার করেন, যাতে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, কয়েকজন কর্মকর্তা ইতেমিদকে স্টেশনের সিঁড়িতে ফেলে দেন ও তার মাথার হিজাব টেনে খুলে ফেলেন।

ওই দিনের নিরাপত্তা ক্যামেরার ভিডিও প্রকাশ হলে তাতে বেশ কয়েকজন কর্মকর্তাকে এই ঘটনায় সংশ্লিষ্ট থাকতে দেখা যায়।

এদিকে, সে রাতে লিখিত পুলিশ প্রতিবেদনে বলা হয়, ইতেমিদ কেবল মাথায় হিজাব পরিহিত ছিলেন তা-ই নয়, বরং মুখে নেকাবও পরা ছিলেন।তিনি অত্যন্ত দ্রুতগতিতে ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটছিলেন এবং তার কাঁধের ব্যাকপ্যাকটিও ছিলো সন্দেহজনক।

সেই প্রতিবেদনে আরও বলা হয়, সব কিছু মিলিয়ে তাকে আত্মঘাতী হামলাকারী মনে হচ্ছিলো ও তাকে পুলিশ হেফাজতে নেওয়া জরুরি ছিলো।

পরবর্তীতে ইতেমিদকে সব রকম অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া হয়। ইতেমিদ ছয় কর্মকর্তার বিরুদ্ধে বল প্রয়োগ, মিথ্যা অভিযোগে গ্রেফতার, ধর্মীয় বিশ্বাস প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা ও মিথ্যা মামলা করার অভিযোগে মামলা দায়ের করেন।

শিকাগো পুলিশের মুখপাত্র এই মামলা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘পুলিশ কর্মকর্তারা প্রতিদিন সন্দেহজনক কর্মকাণ্ড নজরদারি করছেন, আমরা প্রত্যেকের সঙ্গেই সম্মান ও মর্যাদাপূর্ণ আচরণ করার সর্বোচ্চ চেষ্টা করি।’

সূত্র: ডন

/ইউআর/