সীমান্তে আত্মঘাতী হামলা, ৫০ সিরীয় বিদ্রোহীকে হত্যার দাবি আইএস-এর

nonameসিরিয়া-তুরস্ক সীমান্তে এক বাসে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করে আইএস দাবি করেছে, সেখানে ৫০ সিরীয় বিদ্রোহীকে হত্যা করতে সমর্থ হয়েছেন তারা।
তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হত্যাকাণ্ডের স্বীকার হওয়া মানুষের সংখ্যা ৩২ জন। তারা দাবি করেছে, হত্যাকাণ্ডের শিকার হওয়াদের মধ্যে দুজন তুর্কি সেনাও রয়েছেন। তবে তুর্কি কর্তৃপক্ষ এখনও এ নিয়ে কিছু জানায়নি।
স্থানীয় বিদ্রোহীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, আতমে সীমান্তাঞ্চলের কাছে বাসটি হামলার শিকার হয়। ওই বাসে যারা ছিলেন তারা সবাই সিরীয় বিদ্রোহী। আইএসবিরোধী অভিযানে যোগ দিতে ওই বাসে করে আলেপ্পো যাচ্ছিলেন তারা। সে সময় হামলার শিকার হয় বাসটি।
রয়টার্সের প্রতিবেদনে এই হামলার আইএসের বিবৃতির বরাত দিয়ে তাদের দায় স্বীকারের খবর প্রকাশিত হয়েছে। অনলাইনে প্রকাশিত সেই বিবৃতিতে ফায়লাখ আল শামস এবং নূর আল দীন আল জিন্কি বিদ্রোহী গোষ্ঠীর ৫০ জনকে হত্যার দাবি করেছে আইএস।
তুরস্কের সিএনএন টেলিভিশনে সেই ভস্মীভূত বাসটি দেখা গেছে। দেখা গেছে হামলাস্থলে ছোপ ছোপ রক্ত। আহতদের হাসপাতালে নিতে তোড়জোড়ের দৃশ্যও ধরা পড়েছে সিএনএন-এর ক্যামেরায়।

/বিএ/