তুরস্কের আত্মঘাতি হামলাকারীর বয়স ১২ থেকে ১৪!

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান দাবি করেছেন, গাজিয়ানটেপ প্রদেশের আত্মঘাতি বোমা হামলাকারীর বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।  রবিবার ইস্তাম্বুলের এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, যুক্তরাজ্যভিত্তিক মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এরদোয়ানের দাবির বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে এক লিখিত বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট আশঙ্কা জানান, এই হামলায় আইএস জড়িত থাকতে পারে।

noname

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপের শাহিনবে এলাকার একটি বিয়ের অনুষ্ঠান চলার সময় এ হামলা হয়। অনুষ্ঠান যখন প্রায় শেষের দিকে এবং লোকজন যখন রাস্তায় নাচানাচি করছিলেন তখন হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। হামলায় ৫০ জন নিহত এবং ৯৪ জনের আহত হওয়ার খবর দিয়েছে মিডল ইস্ট আই।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার না করলেও এ ঘটনায় আইএস জড়িত থাকতে পারে বলে আগেই সন্দেহ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান।এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামী চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেন (যাকে ১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করা হয়) এর বাহিনী, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং গাজিয়ানটেপের হামলার সন্দেহভাজন আইএস-এ তিনটি গোষ্ঠীর মধ্যে কোনও পার্থক্য নেই। হামলাকারীদের উদ্দেশ্যে আমাদের দেশ ও জাতির পক্ষ থেকে আবারও একটিই বার্তা দিচ্ছি। আর হলো-আপনারা সফল হবেন না!’

noname

পরে ইস্তাম্বুলের সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘বিয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় একজন বালক জড়িত। তার বয়স ১২ থেকে ১৪। হয় সে নিজে ওই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, নয়তো আশপাশের কেউ তার শরীরে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছেন।’ এ ঘটনায় আবারও আইএসের সংশ্লিষ্টতার প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় আইএস-এর সংশ্লিষ্টতা আছে।

উল্লেখ্য, গত মে মাসে কুর্দি অধ্যুষিত গাজিয়ানটেপ শহরে আত্মঘাতী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। গত জুনে ইস্তানবুল বিমানবন্দরে চালানো হামলায় নিহত হন অন্তত ৪৪ জন। ওই হামলার দায় স্বীকার না করলেও এতে আইএস-এর সংশ্লিষ্টতা ছিল বলে তুর্কি সরকার দাবি করে থাকে। সূত্র: রয়টার্স, এএফপি, মিডল ইস্ট আই, গার্ডিয়ান

/বিএ/