‘রাশিয়াকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে ইয়েমেন’

আলী আব্দুল্লাহ সালেহসন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সহযোগিতা দিতে প্রস্তুত ইয়েমেন। এজন্য প্রয়োজনে রাশিয়াকে ইয়েমেনের সামরিক ঘাঁটিও ব্যবহার করতে দেবে দেশটির শিয়াপন্থী হুথি প্রশাসন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রাশিয়া ২৪ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ।

সাক্ষাৎকারে সালেহ বলেন, 'রাশিয়া আমাদের খুব কাছের বন্ধু। সন্ত্রাসবিরোধী অভিযানে আমরা রাশিয়ার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।'

তিনি বলেন, আমরা রাশিয়াকে সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও সমুদ্রবন্দরসহ সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত রয়েছি।

সালেহ বলেন, এই ধরনের সহযোগিতা দেওয়ার অর্থ এটা নয় যে, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে রাশিয়া একসঙ্গে লড়াই করবে।

ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে যে দাবি করা হচ্ছে তাও নাকচ করে দেন দেশটির সাবেক প্রেসিডেন্ট সালেহ। তিনি বলেন, ইয়েমেনের মাটিতে ইরানের কোনও উপস্থিতি নেই। এটা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বেশ ভালোভাবেই জানে।

সালেহ বলেন, 'আমরা ইরানের বিরোধী নই। ইরান ভ্রাতৃত্বপূর্ণ একটি মুসলিম দেশ। তবে বর্তমানে তাদের সঙ্গে আমাদের কোনও রকম সহযোগিতামূলক চুক্তি নেই।’ সূত্র: রয়টার্স, প্রেস টিভি।

/এমপি/