যুক্তরাষ্ট্রে এবার পুলিশি হত্যাকাণ্ডের শিকার মূক ও বধির তরুণ

ড্যানিয়েল হ্যারিসপুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার ঘটনা নিয়ে মিলওয়াউকিতে চলমান উত্তেজনার মধ্যেই আবারও যুক্তরাষ্ট্রে আবারও ঘটলো পুলিশি হত্যাকাণ্ড। এবার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক নিরস্ত্র মূক ও বধির তরুণকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের দাবি, ড্যানিয়েল হ্যারিস নামের ২৯ বছর বয়সী ওই তরুণ গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছিলেন এবং তাকে থামতে বলার পরও থামেননি। পরে এক বন্দুকযুদ্ধে নিহত হন। অন্যদিকে প্রত্যক্ষদর্শীর দাবি, হ্যারিসকে গাড়ি থামাতে বলার পর তিনি নেমে সাংকেতিক ভাষায় পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, আর তখনই তাকে গুলি করা হয়েছে। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে নর্থ ক্যারোলিনা কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএসওসি এর খবরে বলা হয়, ২৯ বছর বয়সী হ্যারিস সাংকেতিক ভাষায় যোগাযোগ করে থাকে। এ তরুণ বৃহস্পতিবার (১৮ আগস্ট) চারলোত্তেতে নিজের বাড়ি সংলগ্ন হাইওয়েতে গাড়ি চালাতে শুরু করলে তাকে অশ্বারোহী বাহিনীর সদস্য জার্মাইন সন্ডার্স আট মাইল পর্যন্ত ধাওয়া করেন।
নর্থ ক্যারোলিনার হাইওয়ে টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট মাইকেল বেকের এক বিবৃতিতে বলেন, ‘ওই গাড়িচালক পার্শ্ববর্তী একটি এলাকায় গাড়ি থামানোর পর নেমে এক বন্দুকযুদ্ধ শুরু করে। পরে তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। ঘটনাস্থলেই ওই চালক মারা যান।’
হ্যারিস
তবে স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষের বরাত দিয়ে ডব্লিউএসওসি জানিয়েছে হ্যারিসের কাছ থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। বডি ক্যামেরা ভিডিও দেখে সাক্ষ্য প্রমাণগুলো তদন্ত করা হচ্ছে। আপাতত সন্ডার্সকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

পুলিশের এ গুলিকে একেবারে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন হ্যারিসের এক প্রতিবেশী। তিনি বলেন, ‘হ্যারিস সাইরেন শুনতে পেতেন না, তিনি কিছুই শুনতে পেতেন না। যাকে গাড়ি থেকে নামার জন্য সংকেত দেওয়া হয়েছে সে একজন মূক ও বধির।

এরইমধ্যে শেষকৃত্যের খরচ মেটানোর জন্য অনলাইনে তহবিল সংগ্রহের কাজ শুরু করেছে হ্যারিসের পরিবার। কিভাবে মূক ও বধির লোকজনের সঙ্গে আচরণ করতে হবে তা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে বেঁচে যাওয়া তহবিল ব্যবহার করা হবে। তারা আশা প্রকাশ করেন, চালকদের রেজিস্ট্রেশন ব্যবস্থায় পরিবর্তন আসবে। যখন পুলিশ গাড়ির লাইসেন্স প্লেট দেখবে তখন যেন ‘বধির’ সংকেত বাজে।

সূত্র: এএফপি, এনডিটিভি, ডেইলি মেইল

/এফইউ/বিএ/