গুজরাটে নিজ কার্যালয়ে সাংবাদিক খুন

কিশোর দেবভারতের গুজরাটের জুনাগড় শহরের ভানজারি চক এলাকায় একটি সংবাদপত্র কার্যালয়ে হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে কিশোর দেব নামের ৫৩ বছর বয়সী ওই সাংবাদিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। গুজরাট পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
রাজকোট থেকে প্রকাশিত দৈনিক জয় হিন্দ-সাঁঝ সমাচার পত্রিকায় ব্যুরো চিফ হিসেবে নিয়োজিত ছিলেন কিশোর। গুজরাটের পুলিশ সুপার নিলেশ জাজাদিয়া জানান, ‘কিশোর দেবকে ছুরি দিয়ে ছয়-সাতবার আঘাত করা হয়েছে। আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড চালানো হয়ে থাকতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় কিশোর তার অফিসে একা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে চারজন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
/এফইউ/বিএ/