এইচআরডব্লিউ-এর পুরস্কার পেলেন বাংলাদেশিসহ চারজন

nonameহিউম্যান রাইটস ওয়াচ-এর সম্মানজনক পুরস্কার পেলেন এক বাংলাদেশিসহ চারজন। মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তাদের ‘এলিসন ডেস ফোর্জেস অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিজম’ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে বৈশ্বিক এ মানবাধিকার সংস্থা। তারা হচ্ছেন বাংলাদেশের কল্পনা আক্তার, বুরুণ্ডির পিয়েরে ক্লেভার বোনিম্পা, গ্রিসের ইউনুস মোহাম্মদি এবং ভারতের রত্নাবলী রায়।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, এ পুরস্কার বিজয়ীরা তাদের নিজ নিজ দেশে ন্যায়বিচারের পক্ষে জোরালো কণ্ঠস্বর।

বাংলাদেশের নাগরিক কল্পনা আক্তার গার্মেন্ট ফ্যাক্টরিতে শিশুশ্রমিক হিসেবে কাজ করেছেন। পরে তিনি ন্যায্য শ্রম অধিকার দাবিতে সহযোগী গার্মেন্ট শ্রমিকদের সংগঠিত করেন।

বুরুণ্ডির নাগরিক পিয়েরে ক্লেভার বোনিম্পা। বন্দি, অধিকারকর্মীসহ সমাজের নানা শ্রেণির মানুষের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

আফগানিস্তানে তালেবানদের হাত থেকে পালিয়ে গ্রিসে আশ্রয় নেন ইউনুস মোহাম্মদি। গ্রিসে তার আশ্রয় মঞ্জুর হওয়ার পর তিনি সেখানে শরণার্থীদের নিয়ে কাজ শুরু করেন।

ভারতের নাগরিক রত্নাবলী রায়। তিনি ভারতে মানসিক জটিলতায় ভুগছেন-সরকারিভাবে এমন লোকজনের সুরক্ষার অধিকার নিশ্চিতের জন্য সংগ্রাম করে গেছেন।

হিউম্যান রাইটস ওয়াচ-এর নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, এ পুরস্কার সেসব মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছে যারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত ও অসহায় মানুষের জন্য জীবনভর সংগ্রাম করে গেছেন। তারা প্রতিদিন কঠিন পরিস্থিতিতে সাহসের সঙ্গে এবং নিঃস্বার্থভাবে তাদের কাজ চালিয়ে গেছেন। সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ।

/এমপি/