তুরস্কে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ

তুরস্কে রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা। পদত্যাগের পরপরই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সুলায়মান সোয়লু।

সুলায়মান সোয়লু

বুধবার (৩১ আগষ্ট) প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে অনির্ধারিত বৈঠকের পর এফকান আলার পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তবে কি কারণে এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার সোয়লু নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ানের আস্থাভাজন হিসেবে তিনি পরিচিত। ২০১২ সালে তিনি জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (একেপি)-তে যোগ দেন। আর নতুন শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজিনগ্লু।

এফকান আলা

এফকান আলার মেয়াদে তুরস্কে কুর্দি বিদ্রোহী পিকেকে গেরিলা এবং মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এছাড়া ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানে গোয়েন্দা ব্যর্থতার জন্য তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।

সূত্র: আনাদুলু এজেন্সি।

/এসএ/