তেল বাজারে পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও রাশিয়া। সোমবার জি টুয়েন্টি সম্মেলনে এ বিষয়ে চুক্তি হয়।
তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অচিরেই এই চুক্তি কার্যকর হচ্ছে না। আবার ভবিষ্যতে এর কিছু ধারায় রদবদলও হতে পারে।
দুই পক্ষের জ্বালানি মন্ত্রীর দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান এক বৈঠকে ওই চুক্তি সম্পন্ন করেন।
রাশিয়ার শক্তি/জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, এই দুই রাষ্ট্র একটি কৌশলগত অংশীদারিত্বে যাচ্ছে, পারস্পরিক আস্থা তাদের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহায্য করবে। বিপরীতে সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহর ভাষ্য, এই চুক্তি অন্যান্য উৎপাদনকারী রাষ্ট্রকেও সহযোগিতার পথে এগিয়ে আসতে সাহায্য করবে।
/ইউআর/বিএ/