ফিলিস্তিন-ইসরায়েল বৈঠক এবার মস্কোতে: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মস্কোতে আলোচনায় বসতে রাজী হয়েছেন। মস্কোভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

বেনিয়ামিন নেতানিয়াহু এবং মাহমুদ আব্বাস

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার আব্বাস জানিয়েছেন, তিনি শুক্রবার (৯ সেপ্তেম্বর) বৈঠকে বসার জন্য তৈরি আছেন। তবে পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়।

পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডার সঙ্গে যৌথ বিবৃতিতে আব্বাস বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ৯ সেপ্টেম্বর মস্কোতে বৈঠকের তারিখ নির্ধারণ করেছেন।’

পরে তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জেরুজালেমে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতিনিধিরা মস্কো বৈঠক পেছানোর অনুরোধ করেন। তাই ৯ তারিখ কোনও বৈঠক হচ্ছে না।’  

সোমবার নেতানিয়াহুর দফতর থেকে জানানো হয়েছিল, তিনি রুশ প্রস্তাবনার বিষয়ে ভাবছেন। তবে ইসরায়েল বৈঠকের কোনও পূর্বশর্ত মানবে না বলেও উল্লেখ করা হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর জানায়, নেতানিয়াহু সবসময়ই কোনও পূর্বশর্ত ছাড়াই আব্বাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করে আসছেন। আর তাই তিনি পুতিনের আগ্রহকে সম্মান জানিয়ে মস্কো বৈঠকের কথা বিবেচনা করছেন। তবে তার সময় এখনও নির্ধারিত হয়নি।

ওই দুই ফিলিস্তিনি এবং ইসরায়েলি নেতা সর্বশেষ ২০১০ সালে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন। ইসরায়েলের ক্রমাগত ইহুদি সেটেলার বসতি নির্মাণ এবং ফিলিস্তিনি হত্যার ফলে ২০১৪ সালের পর ফিলিস্তিন-ইসরায়েল আলোচনা কার্যত ভেঙে পড়ে।

সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট।

/এসএ/