১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে থাকবেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি প্রবাসীদের সঙ্গে কোনও মতবিনিময় করবেন কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই। ঘোষণা না থাকলেও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল অমনীর বলরুমে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে কানাডা আওয়ামী লীগ। এ জন্য পোস্টারও ছাপিয়েছে তারা।
প্রধানমন্ত্রীর এপিএস জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কানাডা সফরের সব কর্মসূচি নিয়ন্ত্রণ করছে কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।’ এ কারণে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া বলেন, ‘বাংলাদেশে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, হাই কমিশনারের মাধ্যমে যোগাযোগ করে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করতে। সে ভাবেই আয়োজন করা হয়েছিল। কিন্তু এখন নিরাপত্তাজনিত কারণে দূতাবাস থেকে পরিষ্কারভাবে কোনও সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। তবে আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।’
কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন বলেন, ‘হতাশ হওয়ার কারণ নেই। বড় পরিসরে সভা না হলেও কানাডায় বসবাসরত দলীয় নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।’
/এআরএল/