ইসরায়েলের কর্মকর্তাকে ‘ছুরিকাঘাত’, ফিলিস্তিনি নিহত

0e9e2b6bcb034dca9f67eec5c054d22f_18

পশ্চিম উপকূলে ইসরায়েলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বরাবরের মতোই ইসরায়েলি পুলিশের দাবি, ছুরি হাতে এক সেনা কর্মকর্তাকে আক্রমণ করেছিলেন ওই ফিলিস্তিনি।

রবিবার ইসরায়েল সেনাবাহিনীর টুইটার পোস্টে বলা হয়, ‘এক সন্ত্রাসী ছুরি হাতে এক সেনা কর্মকর্তাকে আক্রমণ করে আহত করেন।’

অভিযুক্ত ব্যক্তিটিকে একজন ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করেছে ইসরায়েল পুলিশ।

বেথেলহেম ও হেবরনের মাঝামাঝি ইফরাতে এই আক্রমণ ও প্রতি আক্রমণের ঘটনা ঘটে। সূত্র জানায়, অভিযুক্ত আক্রমণকারীর মাথায় গুলি লাগলে তিনি প্রাণ হারান। মৃত্যুর আগে এক সেনা কর্মকর্তার বাহুমূলে আঘাত করে আহত করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না।

সূত্র: রয়টার্স

/ইউআর/