ব্রিজ ভাঙার গুজব: উত্তর প্রদেশে পদদলিত হয়ে ১৯ জনের প্রাণহানি

nonameভারতের উত্তর প্রদেশের বারানসিতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনিডটিভির খবরে বলা হয়েছে, শনিবারের এই ঘটনায় নিহতদের বেশিরভাগই নারী। উত্তর প্রদেশের পুলিশ কর্তৃপক্ষের দাবি,. ব্রিজ ভেঙে পড়ার গুজবে ভীত মানুষ পালাতে শুরু করায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার।

একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘সেখানে প্রচণ্ড ভীড় ছিল। আমরা প্রচণ্ড জনস্রোতে সামনে এগোতে বাধ্য হচ্ছিলাম। আমার মা-সহ অনেকেই মারা গেছে।’ 

এনডিটিভির খবরে বলা হয়েছে, বারানসির ঐতিহাসিক রাজঘাট সেতুতে ধর্মীয় নেতা জয় গুরুদেবকে শ্রদ্ধা জানাতে গঙ্গার তীরে একত্রিত হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে। 

কর্মকর্তারা জানিয়েছেন, যতজনকে অনুমতি দেয়া হয়েছিল তার থেকে বেশি মানুষ এসেছিল।  উত্তর প্রদেশের পুলিশ প্রধান জাভেদ আহমেদ দাবি করেন, রাজঘাট সেতু ভেঙ্গে পড়ার গুজবে ভীত মানুষের ছোটাছুটির কারণে পদদলনের ঘটনা ঘটে। 

ভারতের প্রধানমন্ত্রী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা জানিয়ে টুইটারে পোস্ট করেছেন। তিনি বলেন, ‘বারানসিতে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। শোকাহত পরিবারদের জন্য সান্ত্বনা ও আহতদের জন্য প্রার্থনা।’ 

দ্বিতীয় আরেকটি টুইটে তিনি বলেন, ‘বারানসির ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’ 

/বিএ/