রাশিয়া সেনাবাহিনী বলেছে, আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনী এবং রাশিয়া ৮ ঘণ্টার জন্য আলেপ্পোয় হামলা বন্ধ রাখবে।
রুশ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা জেনারেল সের্গেই রুদসকয় সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, আমরা সময় নষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে বেসামরিক নাগরিক, রোগী ও আহত ব্যক্তিদের নিরাপদে সরে যেতে এবং জঙ্গিদের পিছু হটার সুযোগ দিতে কিছু সময়ের জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
রাশিয়ার ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলেপ্পোয় যুদ্ধবিরতি বহাল থাকবে। এ সময়ে শহরের ওপর কোনও বিমান হামলা চালাবে না রাশিয়া। সেইসঙ্গে সিরিয়ার সেনাবাহিনীও সব ধরনের অভিযান বন্ধ রাখবে।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে সাড়া দিয়ে রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষ এমনকি হসপাতালও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।
ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে দাবি করেছে, মস্কো ও দামেস্ক আলেপ্পোর বেসামরিক অবস্থানে বিশেষ করে হাসপাতালের ওপর বোমাবর্ষণ করে যুদ্ধাপরাধ করছে।
/এমপি/