শিকাগোয় আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, আহত ২০

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুনযুক্তরাষ্ট্রের শিকাগোতে উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। এতে অন্তত ২০ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার শিকাগোর ও’হার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামি যাওয়ার জন্য উড্ডয়নের সময় ওই বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ৩৮৩ নম্বর ফ্লাইটটি ১৬১ জন যাত্রী ও নয়জন ক্রুসহ মিয়ামির দিকে যাত্রা করছিল। কিন্তু উড্ডয়নের আগমুহূর্তে এতে আগুন ধরে যায়।
বিমানবন্দরের দমকল কর্মীরা দুই মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শিকাগোর অগ্নি বিভাগের কর্মকর্তা হুয়ান হার্নান্দেজ বলেছেন, ‘আমরা ২০ জনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছি।’
দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে আমেরিকান এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়, ইঞ্জিনগত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা আশঙ্কা করছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে উড্ডয়নের সময় বিমানটির চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি।

/এসএ/