ট্রাম্পকে স্বাগত জানালেন বিশ্বনেতারা

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সদ্য জয় পাওয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে এরইমধ্যে অভিনন্দিত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এদের মধ্যে রয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  
রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জয় নিশ্চিত হওয়ার পর পরই টেলিগ্রাম করে ট্রাম্পকে অভিনন্দিত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন পুতিন। উল্লেখ্য, নির্বাচনে রাশিয়া ট্রাম্পকে জোরালোভাবে সমর্থন দিচ্ছে বলে এতেদিন অভিযোগ করে আসছিল হিলারি শিবির। সের্গেই মারকভ নামে ক্রেমলিনপন্থী এক রাজনীতি বিশ্লেষক গার্ডিয়ানকে বলেন, ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কোন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখন রাজি হতে পারে। তবে নির্বাচনে রাশিয়ার প্রভাব থাকার কথা নাকচ করে দিয়েছেন এ বিশ্লেষক। তিনি বলেন, ‘আমরা হয়তো উইকিলিকসকে সামান্য সহযোগিতা করে থাকতে পারি’।
আরব বিশ্বের নেতাদের মধ্যে একমাত্র মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আর সিসির সঙ্গেই ট্রাম্পের দেখা হয়েছিল। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে সিসির সঙ্গে দেখা হওয়ার পর ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র কেবল মিসরের সাধারণ মিত্র নয়, বরং বিশ্বস্ত বন্ধু হিসেবে কাজ করবে। রাশিয়ার সঙ্গে সিসির উষ্ণ সম্পর্ক থাকার খবরটিও কারও অজানা নয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর সিসিও ট্রাম্পকে অভিনন্দিত করেছেন।  
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জাউদ ফোনে গার্ডিয়ানকে বলেন, মিসর ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

ট্রাম্পকে 'ইসরায়েলের সত্যিকারের' বন্ধু হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। একসঙ্গে কাজ করার এবং দুইদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার আশা জানিয়েছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।

বিজয় ভাষণ দিচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত জাপান বলেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে ডোনার্ড ট্রাম্পের সঙ্গে কাজ করবে দেশটি। ডোনাল্ড ট্রাম্পের জয় পুরোপুরি নিশ্চিত হওয়ার কিছু সময় আগে সাংবাদিকদের জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়ুশিহিদে সুগা বলেন, ‘জাপান-যুক্তরাষ্ট্রের মিত্রতা হলো জাপানের কূটনীতির ভিত্তি, সে ধারণায় কোনও পরিবর্তন আসবে না। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বিশ্বের শান্তি আর সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান।’

ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর টুইটারে তাকে শুভেচ্ছা জানান, স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। টুইটে তিনি লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে তাকে আমার অভিনন্দন। যে সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করেছে তা জোরালো করতে আমরা একসঙ্গে কাজ করে যাব।’

ফিলিপাইনের ‘বন্দুকভক্ত প্রেসিডেন্ট’ রদ্রিগো দুয়ার্তেও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দিত করেছে বলে জানিয়েছে গার্ডিয়ান।  

/এফইউ/