ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা অ্যাডাম সালেহের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এই ইউটিউব তারকাকে দেখা যায়, বিমান যাত্রীদের মাঝে দাড়িয়ে তাকে অন্যায়ভাবে নামিয়ে দেবার জন্যে অভিযোগ করতে।
ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের বের করে দেওয়া হয়েছে, কেননা আমরা ভিন্ন ভাষায় কথা বলছিলাম। এটা অবিশ্বাস্য, এটা ২০১৬ সাল! আমি আরবীতে আমার মা ও বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। কয়েকজন পাকিস্তানি, এমনকি আমেরিকান কয়েকজন যাত্রীও বিমানের পাইলটকে বলেছেন এটা অন্যায়। আমি খুবই কষ্ট পেয়েছি, আমি এটা বিশ্বাসই করতে পারছিনা!’
ওই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে তার কণ্ঠ আবেগে ও কান্নায় রুদ্ধ হয়ে আসে। লন্ডনের হিথরো বিমানবন্দরে অপেক্ষারত ডেল্টা এয়ারলাইন্সের লন্ডন-নিউইয়র্ক ফ্লাইটে এই ঘটনাটি ঘটে।
তবে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে, অন্য যাত্রীদের বিরক্ত করার অভিযোগে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
অ্যাডাম সালেহ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে জানান, বিমান ছাড়ার আগে যখন তিনি মোবাইলফোনে তার মায়ের সাথে আরবিতে কথা বলছিলেন, তখন একজন মহিলা সহযাত্রী অস্বস্তি প্রকাশ করেন।
ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলছে, ‘কেবিনে ঝামেলা করার জন্য দুই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তাদের কারণে আরও কুড়ি জন যাত্রী অস্বস্তির বোধ করছিলেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রকৃত ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং যে কোনও বৈষম্যের অভিযোগ খুব গুরুত্বের সঙ্গে দেখা হয় বলে জানিয়েছে এই মার্কিন বিমান সংস্থা।
ইউটিউবে বিদ্রূপাত্মক ভিডিও পোষ্ট করে তারকা খ্যাতি পান অ্যাডাম সালেহ। এর আগে তিনি বিমানে মুসলিমদের সঙ্গে অন্য যাত্রীরা কেমন আচরণ করে, তা নিয়ে বেশকিছু ভিডিও ধারণ করে পোষ্ট করেছিলেন।
সূত্র: বিবিসি বাংলা।
/এসএ/