ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধ করতে জাতিসংঘে ভোটাভুটি

অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতিঅধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণ ‘জরুরি ভিত্তিতে ও পূর্ণাঙ্গভাবে’ বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিসর একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। তাতে দাবি জানানো হয়, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণ জরুরি ভিত্তিতে ও পূর্ণাঙ্গভাবে বন্ধ করতে হবে। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টায় ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের এসব বসতি অবৈধ। মিসরের ওই প্রস্তাবে বলা হয়, ‘ইসরায়েলের ওইসব বসতির কোনও বৈধতা নেই। আর তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটা স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। যা ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে নেয়।

জাতিসংঘের পক্ষ থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ বন্ধ করতে বারংবার ইসরায়েলি কর্তৃপক্ষকে আহ্বান জানানো হলেও তা বন্ধ করা হয়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের জন্য নয়টি ভোট দরকার। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন অথবা চীন, অর্থাৎ পাঁচ পরাশক্তির কেউ যদি এতে ভেটো দেয়, তাহলে ওই প্রস্তাব বাতিল হয়ে যাবে। এর আগে ২০১১ সালে এমনই এক প্রস্তাবে ভেটো দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতোমধ্যে মার্কিন কর্তৃপক্ষের কাছে পূর্বের মতো এবারের প্রস্তাবেও ভেটো দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেওয়া।’

সূত্র: রয়টার্স, আল-জাজিরা।  

/এসএ/বিএ/