ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এফবিআই এ ঘটনার তদন্ত কাজে সহায়তা দিচ্ছে। হামলায় এ পর্যন্ত ৫ জন নিহত এবং ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার তদন্ত কাজে সহায়তা দিচ্ছে এফবিআই।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় হা্মলা চালায় এক বন্দুকধারী। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। আর এক টুইটে আহত আটজনকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে ব্রাউড কাউন্টি শেরিফের দফতর।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানায়, হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তিনি একাই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা হামলার কারণ জানার চেষ্টা করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরেও একজনের আটক হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
গার্ডিয়ান জানিয়েছে, ব্রাউড কাউন্টি শেরিফকে তদন্ত কাজে সহায়তা দিচ্ছে সে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআই।
ব্রাউড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল জানান, এখনও হামলাকারীর নাম পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
তিনি দাবি করেন, ‘কোনও আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়েনি। তাকে শেরিফ অফিসে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই।’
তবে গুলিবর্ষণের সঙ্গে সঙ্গেই বন্দুকধারীকে পুলিশ গুলি করে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির কাছে দাবি করেছেন একজন প্রত্যাক্ষদর্শী।’
তিনি বলেন, ‘আতঙ্কিত লোকজন প্রাণে বাঁচতে উদভ্রান্তের মতো দৌঁড়াতে থাকে। একজন আরেকজনের ওপর পড়ে যেতে থাকে। সবাই দ্রুত দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইছিল।’
অপর একজন প্রত্যষক্ষদর্শী মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসিকে জানান, হামলাকারী ছিলেন ‘হালকা-পাতলা’ গড়নের। তার পরনে ছিল স্টার ওয়ার্সের টি-শার্ট।
/বিএ/আপ-এসএনএইচ/